সিলেটে পাথর উত্তোলনের সময় নিহত শ্রমিকের লাশ খালিয়াজুরীতে উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি কোয়ারিতে পাথর উত্তোলনের সময় তিন শ্রমিক নিহত হয়ে নিখোঁজের পর এক শ্রমিকের লাশ শুক্রবার সন্ধ্যায় নেত্রকানার খালিয়াজুরি থেকে উদ্ধার করা হয়েছে।
 
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, গোয়াইনঘাটের বিছানাকান্দি কোয়ারিতে পাথর উত্তোলনের সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চানপুর গ্রামের পরিমল সরকার (২৫), সুনামগঞ্জ সদরের গুলের গাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫) পাথর চাপা পড়ে নিহত হন। কিন্তু নিহত ব্যক্তিদের লাশ পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে ঘটনাস্থল থেকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
 
খালিয়াজুরী থানার ওসি মো. শওকত আলী জানান, উপজেলার চানপুর গ্রামের নির্মল সরকারের ছেলে পরিমল সরকারের লাশ তার নিজ বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
 
 
ইত্তেফাক/সেতু/উজ্জল