‘মাদক-জঙ্গিবাদের আগ্রাসী থাবা থেকে মুক্ত করতে হবে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৮
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবার কবল থেকে তরুণ সমাজকে মুক্ত করতে হবে। তিনি বলেন, তারুণ্য এখন মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিদ্বয়কে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে বলে তিনি মন্তব্য করেন। 
 
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 
সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ। 
 
রাশেদ খান মেনন আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয় এবং মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে সমাজের বিকাশকে রুদ্ধ করে। 
 
ইত্তেফাক/এমআই