পিঠাপিঠি চার ডাবলে নিজেকে অন্য এক চূড়ায় নিয়ে গেছেন বিরাট কোহলি। টেস্টে ডজন বাঙালির মাঠে থাকার দিনে সেঞ্চুরিতে উজ্জ্বল ঋদ্ধিমানও। আর চার-মিনারের শহরে টেস্টে জোড়া কীর্তি দেখে কোহলি-ঋদ্ধিমানে মুগ্ধ সৌরভ।
প্রথম ভারতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে উপমহাদেশের বাইরে ঘরের মাটিতে সেঞ্চুরি নেই আর কারও। সেজন্য ঋদ্ধিমানের সেঞ্চুরিতে একটু বাড়তি তৃপ্তি, বাড়তি গর্বে উচ্ছ্বসিত সৌরভ। একইভাবে এই গ্রহে আর কোনো ব্যাটসম্যানের নেই টানা চার সিরিজে ডাবল। ঋদ্ধিমানের প্রশংসা থামতে না থামতেই তাই সৌরভ আচ্ছন্ন হলেন বিরাট-মুগ্ধতায়।
মহারাজ বলেন, 'বিরাট এখন ক্রিকেট জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখে নেবেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ডাবল সেঞ্চুরি করবে।'
টেস্টে কোহলির চারটে ডাবল সেঞ্চুরির মধ্যে সেরা কোনটা? সৌরভ বলছেন, 'মুম্বাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা করেছিল, সেটা অসাধারণ। তবে সে এখন যে জায়গায় আছে, তাতে সামনে কারা, সেটা বড় কথা নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দু’শো করতে পারে।'
সৌরভ এও জানালেন, 'অধিনায়ক হিসেবে শুরুর বছরগুলো সবারই মসৃণ হয়। বিরাটও সেই ধাপটা পার করছে।'
মহারাজ সাথে এটাও যোগ করলেন, 'বিরাট অন্য এক জিনিস। প্রত্যেক খেলায়-ই সে নিজেকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাটিং করে।'
তবে কোহলিকে নিয়ে দরাজ হওয়ার দিনেও শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ডের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণ দেখছেন না সৌরভ। টেস্টে বাঙালির গর্বের দিনেও মুশফিকুরদের উন্নতি নিয়ে খুব একটা প্রভাবিত নন তিনি।
ইত্তেফাক/মনসুর
