বাংলাদেশ জাতীয় জোট বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, কার্যক্রম না দেখেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই।
শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের দলীয় কার্যালয়ে তৃণমূল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
নাজমুল হুদা বলেন, ‘দেশের সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই, বরং নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচনের যে বিধান রয়েছে তা দেশের সংবিধানিক আইন। নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্বই হচ্ছে মেয়াদান্তে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।’
সভায় তৃণমূল বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর মজমাদার, সহ-সভাপতি রুমা আলী, মহাসচিব আহম্মদ শরীফ, সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এমএ সাত্তার, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মো. শাজাহান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/আনিস মণ্ডল।
