অধিনায়কত্বকে বাড়তি চাপ হিসেবে দেখে থাকেন অনেকেই। তবে বিরাট কোহলি এটাকে অনুপ্রেরণা বা শক্তি হিসেবেই দেখেন।
গত কয়েক বছর ধরে কোহলির ব্যাটে রানের বন্যা বইছে। এমন উত্থানের পিছনের রহস্যটা খোলাসা করতে গিয়ে তাই বিরাট বললেন, 'আমি ঠিক নিশ্চিত না। তবে মনে হয়, অধিনায়কত্বের কারণেই এমনটা হয়েছে বা হচ্ছে।'
২৮ বছর বয়সী ব্যাটসম্যানের দাবি, 'এই দায়িত্ব কাঁধের উপর থাকলে একজন সাধারণ ব্যাটসম্যানের থেকে আলাদা চিন্তাভাবনা করতে হয়। সে কারণে আমি লম্বা ইনিংস খেলার চেষ্টা করি।'
তিনি আরও বলেন, 'আপনারা হয়ত লক্ষ্য করবেন, আগে সেঞ্চুরি করলেও ১২০ কিংবা ১৩০-এর বেশি রান আমি করতে পারতাম না। এরপর আমি নিজের ব্যাটিংয়ের উপরে মনোযোগ দিতে শুরু করি। অতি উত্তেজনার উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি। আমার অভিধানে আত্মতুষ্টি বলে কোনো শব্দ নেই।'
বাংলাদেশের বিরুদ্ধে ২০৪ রান করার পরে কোহলির মুকুটে একটি নতুন পালক যুক্ত হয়েছে। ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম ব্যাটসম্যান, যার দখলে চারটি টেস্ট ডাবল সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশ ছাড়া বিরাটের ডাবল রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (২০০), নিউজিল্যান্ড (২১১) ও ইংল্যান্ডের বিরুদ্ধে (২৩৫)।
ইত্তেফাক/মনসুর
