বইমেলায় ইমন চৌধুরীর নতুন বই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮
 
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ইমন চৌধুরীর চারটি নতুন বই। বড়দের উপযোগী উপন্যাস ‘এই বসন্তে এসো’। নাগরিক জীবনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়েছে এই উপন্যাসের কাহিনী। একইসঙ্গে খুব প্রাসঙ্গিক ভাবেই লেখক নারী-পুরুষের প্রেমকে করেছেন তার উপন্যাসের বিষয়বস্তু। 
 
ইমন চৌধুরী বলেন, আমি মূলত নাগরিক জীবনের প্রেম নিয়েই এই উপন্যাসটি লিখেছি। এক কথায়, এই বসন্তে এসো’ একটি প্রেমের উপন্যাস। 
 
উপন্যাসটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।
 
‘নিজ দায়িত্বে হাসুন’ এবারের মেলায় প্রকাশিত লেখকের আরেকটি উল্লেখযোগ্য বই। মূলত রম্য লেখক হিসেবে ইমন চৌধুরীর রয়েছে বিশেষ খ্যাতি। চব্বিশটি হাসির গল্প নিয়ে প্রকাশিত হয়েছে লেখকের এই বইটি। ছোট-বড় সকল পাঠকের উপযোগী এই বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ। প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ।
 
এছাড়া শৈশব প্রকাশ থেকে বেরিয়েছে ছোটদের উপযোগী লেখকের আরও দুইটি বই- ‘টুপুরের লাল ঘুড়ি’ এবং ‘কিশোর ক্লাবের রহস্য’। 
 
 
ইত্তেফাক/কাউছার