গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী অমেলা বেগমকে (২৩) হত্যা করে স্বামী জালাল শেখ (৩৫) আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ। তাদের ছয়মাসের এক ছেলে সন্তান রয়েছে।
পুলিশ রবিবার সকালে ওই গ্রামে নিজেদের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
জামাল ও অমেলার সন্তানকে দাদা-দাদির হেফাজতে রাখা হয়েছে। জালাল শেখ ওই গ্রামের খাজা শেখের ছেলে এবং পেশায় ভ্যান চালক।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, দেড় বছর আগে পারিবারিকভাবে জালালের সঙ্গে একই উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের তেঘড়া গ্রামের আব্দুস সোবহানের মেয়ে অমেলার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দ্বন্দ্ব-কলহ ছিলো না। তবে শনিবার বিকালে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানা গেছে।
তিনি আরো জানান, রবিবার ভোরে শিশু ছেলের কান্না-কাটি শুনে জালালের মা-বাবা ও প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর ঘরের দরজা খুলে না দেওয়ায় বাহির থেকে দরজা ভেঙ্গে তারা দেখতে পায় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ পড়ে আছে ও জালালের লাশ দড়িতে ঝুলছে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পরে স্বামী আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। এনিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।
ইত্তেফাক/জামান
