স্বামী ওমের ধর্ষণ-চেষ্টা: ভুক্তভোগীর মামলা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১
 
বিতর্কিত স্বামী ওম ও তার এক সহযোগীর বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আলোচিত টিভি রিয়েলিটি শো বিগবসে অংশ নেওয়া ওম ও তার সহযোগী এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এমনকি পরে তাকে হত্যার হুমকি দিয়েছেন।
 
রবিবার দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য মিডিয়া এটা নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে। 
 
ওই নারী অভিযোগ করে বলেছেন, তাকে ধর্ষণ-চেষ্টায় ওম তার পোশাক টেনে ছিঁড়ে ফেলেন এবং গালিগালাজ করেন। এ ঘটনায় আইপি স্টেট পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে দুজনের নামে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
 
মামলায় উল্লেখ করা হয়, গত ৭ ফেব্রুয়ারি ওই নারী রাজঘাট এলাকার হরিহর আশ্রমে যান। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ওম বাবা ও তার সঙ্গীরা তাকে লোকজনের সামনে জাপটে ধরেন। এ সময় উপস্থিত লোকজনের কাছে সাহায্য চাইলে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওম ও তার সহযোগী সন্তোষ তাকে একটি কামরায় নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। বাধা পেয়ে ওম ওই নারী ও তার পরিবারকে হুমকি দেন।
 
আক্রান্ত নারী কোনোমতে দৌড়ে থানায় গিয়ে ঘটনা খুলে বলেন। সেখানে আইপিসি ৩৫৪ ধারায় ওই নারীর আত্মসম্মানে আঘাত করার দায়ে ওম ও তার সঙ্গী সন্তোষ আনন্দের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আগামীকাল আদালতে জবানবন্দি দিবেন ঘটনার শিকার নারী।
 
উল্লেখ্য, ‘বিগ বস সিজন-টেন’র অন্য প্রতিযোগী বানি জে ও রোহান মেহরার উপর মূত্র ছেটানোর জন্য বিগ বস থেকে বের করে দেওয়া হয় স্বামী ওমকে। বাদ পড়ার পর থেকে শাহরুখ, আমির, সাইফকে অপহরণের ‍হুমকি, নানা রকম আপত্তিকর মন্তব্য করে আসছেন ওম।  সবশেষ ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’ গুজব রটান এই ব্যক্তি।
 
ইত্তেফাক/আনিসুর