পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত : তোফায়েল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৫
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে এ সরকারের ওপর কলংকের বোঝা চাপানোর চেষ্টা করা হয়েছিল, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। সেখানে কিছু মানুষ ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মতো অন্যায়ের কাছে মাথা নত করেননি।
 
রবিবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৭ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু নির্মাণে কোন দুর্নীতি হয়নি, আজ তা প্রমাণিত হলো। সেকারণেই তিনি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
 
মন্ত্রী বলেন, এক্ষেত্রে নোবেল জয়ী ড. ইউনূস এবং আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের নাম এসেছে। আমাদের দেশের কিছু মানুষ টকশোয় তাদের সঙ্গে সুর মিলিয়েছিলেন। আদালতের রায়ের মাধ্যমে তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুরে বলবো, এখন তাদের ক্ষমা চাওয়া উচিৎ।
 
তোফায়েল আহমেদ বলেন, সবকিছুতে রাজনীতি ঢুকানো ঠিক নয়। ব্যাংকিং খাত একটি সংবেদনশীল খাত, এখানে সংশ্লিষ্ট সকলকে যত্মবান হয়ে পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। তালিকা করে খেলাপি ঋণ আদায় করতে হবে, নতুন করে যাতে কোন ঋণ খেলাপি তৈরি না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে যাতে কোন ধরনের দুর্নীতি না, হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।
 
জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।বাসস
 
ইত্তেফাক/উজ্জল