বিমানবন্দরের রানওয়ের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশে রানওয়ে সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনা ফেলার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন নির্মাণ কাজের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এছাড়া ডাম্পিং স্টেশন নির্মাণ কেন আইন কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ ছয়জনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন। 
 
‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শিরোনামে রবিবার একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার।
 
রিটে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর প্রান্তে বাউনিয়া সংযোগ সড়ক এলাকায় রানওয়ের ৫শ মিটার দূরে বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙ্গে গার্ভেজ ডাম্পিং স্টেশন (ডাস্টবিন) নির্মাণ করছে। এ ডাস্টবিন নির্মাণ বন্ধ রাখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ১ ফেব্রুয়ারি উত্তর সিটি করপোরেশনকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, এ ডাস্টবিন নির্মাণ করা হলে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখির আগমন ঘটবে। ফলে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণকালীন বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ চিঠি পাওয়ার পরও নির্মাণ কাজ অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু। শুনানি শেষে হাইকোর্ট অন্তবর্তিকালীন আদেশ ও রুল জারি করে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম