বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার। গ্যাংস্টার, রাজনীতিবিদ, পুলিশ অফিসার, সোশাল ওয়ার্কারসহ নানা চরিত্রে অভিনয় শেষে এবার তিনি প্রেমিক। তার প্রেমিকা মাহি গিল ছবির নাম ‘ওয়েডিং অ্যানিভারসারি’। পরিচালক শেখর এস ঝা। বলিউডের এই দাপুটে অভিনেতাকে এবার দেখা যাবে একদম রোমান্টিক অবয়বে।
সিনেমায় দেখা যাবে, কাহানি এবং নির্ভয় দুজনে জীবনের প্রথম বিবাহবার্ষিকী কাটাতে আসে গোয়াতে। এখানেই শুরু হয়েছিল তাদের প্রেম। তারপর বিয়ে। এই যুগলের সঙ্গে দেখা হয়ে যায় নাগার্জুন বলে এক ব্যক্তির। যে চরিত্রে অভিনয় করছেন নানা পাটেকর। এই নাগার্জুনের সঙ্গেই ঘনিষ্ঠ হতে থাকেন কাহানি। আর তখন থেকেই গল্প নিতে থাকে এক নতুন মোড়।
জীবন, ভালবাসা আর সম্পর্কের নানা স্তরের গল্প নিয়ে ‘ওয়েডিং অ্যানিভারসারি’। নানা পাটেকর ও মাহি গিল জুটির এটিই প্রথম ছবি। ছবির প্রযোজক ভরত শাহ, কুমার ভি মোহান্ত এবং অচ্চুত নায়েক।
সম্প্রতি এই ছবির মিউজিকও আত্মপ্রকাশ করেছে। আগামী ২৪ ফেরুয়ারি মুক্তি পাবে ‘ওয়েডিং অ্যানিভারসারি’। দেখা যাক, ‘বুড়ো বয়সে’ প্রেমিকের ভূমিকায় কতটা বাজিমাত করতে পারেন নানা পাটেকর।
ইত্তেফাক/রেজা
