যুক্তরাষ্ট্রে কয়েকশ’ অবৈধ অভিবাসী আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৯
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে চলমান অভিযানে চলতি সপ্তাহে দেশটির চারটি অঙ্গরাজ্য থেকে কয়েকশ’ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এটা নিয়মিত কর্মসূচির অংশ।
 
ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের কর্মকর্তা আলি নুরানি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীরা বেশ ভয়ে আছেন। এছাড়া স্থানীয় যুক্তরাষ্ট্রের নাগরিক, যারা অভিবাসীদের বন্ধু হিসেবে দেখেন, তারাও এ অভিযান নিয়ে শঙ্কিত। আসলে বিষয়টি বেশ স্পর্শকাতর।’
 
যুক্তরাষ্ট্রের অভিবাসী ও কাস্টমস-সংক্রান্ত বিভাগের কর্মকর্তা ডেভিড মেরিন জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসী বিষয়ক কর্মকর্তারা আটলান্টা, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস এবং এর আশপাশের অঞ্চলে সপ্তাহজুড়ে অভিযান চালান। ওবামা প্রশাসনের সময়ে এ ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
 
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, আটলান্টা থেকে ২০০ জন ও লস অ্যাঞ্জেলস থেকে ১৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই সাতটি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
 
ট্রাম্প তখন বলেছিলেন, ‘এটি যুক্তরাষ্ট্র থেকে ইসলামী জঙ্গিদের দূরে রাখার একটি পদক্ষেপ। পরে ওয়াশিংটনের সিয়াটেলের একটি আদালতের বিচারক জেমস রবার্ট সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ স্থগিত করেন। পরে দেশটির বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতের জারি করা স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আপিল করা হলেও ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতের পক্ষেই রায় দেন ফেডারেল আপিল আদালত। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির