বল হাতে ৬ উইকেটের পর সেঞ্চুরি করলেন শুভাগত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৯
আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান নড়বড়ে হয়ে পড়লেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে নিজের কার্যকারিতার প্রমাণ দিয়ে চলেছেন অলরাউন্ডার শুভাগত হোম।
 
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলের) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে বল হাতে নিয়েছেন ছয় উইকেট। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে আট নম্বরে নেমে করলেন সেঞ্চুরি।
 
তার সেঞ্চুরিতেই ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৯ রানের লিড নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ২৯৯ রান করেছে মধ্যাঞ্চল।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফিফ হোসেন ধ্রুবর পর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন ইয়াসির আলী রাব্বিও। প্রথম ইনিংসে ৪৯০ রানের বড় স্কোর গড়েছে পূর্বাঞ্চল। শেষ বিকেলে আট ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৮ রান করেছে উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত ১৩ ও জুনায়েদ সিদ্দিকী ১৫ রানে ব্যাট করছেন।
 
এর আগে প্রথম দিনে বিনা উইকেটে চার রান নিয়ে খেলতে নেমে ১১ রানেই ওপেনার সাদমান ইসলামের (১০) উইকেট হারায় মধ্যাঞ্চল। আব্দুল মজিদ-সাইফ হাসান দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন। তাদের বিদায়ের পরই মড়ক লাগে মধ্যাঞ্চলের ইনিংসে। ১৩২ রানে সাজঘরে ফিরেন ছয় ব্যাটসম্যান। সাইফ ৪৯, মজিদ ৩৮ রান করেন। সপ্তম উইকেটে দলের হাল ধরেন তাইবুর রহমান ও শুভাগত হোম। তারা ১০৯ রানের জুটি গড়েন। দলীয় ২৪১ রানে তাইবুর ৪৪ রান করে সোহাগ গাজীর বলে বোল্ড হন। তারপর টেলএন্ডারদের নিয়ে দলকে তিন’শ ছুঁইছুঁই স্কোর এনে দেন শুভাগত।
 
৭৩ বলে হাফ সেঞ্চুরির পর ১২২ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৫ বলে ১০০ রানের (১১ চার, ১ ছয়) অনবদ্য ইনিংস খেলেন শুভাগত। তার আউটের মাধ্যমেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। দক্ষিণাঞ্চলের রাজ্জাক চারটি, রুবেল দুটি করে উইকেট পান। ১৮ ওভার বোলিং করে মুস্তাফিজ নিয়েছেন এক উইকেট।
 
ইত্তেফাক/মাহাদী