২৫৭ রান পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৪
হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনে ২৫৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।  হাতে পাঁচ উইকেট।  এখনো ৫৮ ওভারের খেলা বাকি। ক্রিজে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।
 
ক্যারিয়ারের ১৩তম টেস্ট ফিফটি তুলে নিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। সাব্বির ১৮ রানে ব্যাট করছেন।
 
এর আগে দিনের শুরুতে বিদায় নেন সাকিব আল হাসান। দিনের প্রথম সেশনেই রবীন্দ্র জাদেজার বলে পুজারার হাতে ধরা পড়েন এই টাইগার অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৫০ বলে ২২ রান করেন তিনি। ইনিংসে ছিলো ৪টি বাউন্ডারি।
 
এরপর ২৩ রানে আউট হয়ে গেলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক এদিন ৪৪ বলে করেন ২৩ রান। ইনিংসে ছিলো দুটি চার। ইনিংসের ৫৩ তম ওভারে অশ্বিনের বলে সামনে এগিয়ে এসে জাদেজার হাতে বল তুলে দেন মুশি।
 
৪৫৮ রান পেছনে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র দলীয় ১১ রানে হারায় তামিম ইকবালের উইকেট। এরপর অবশ্য সৌম্য সরকার ও মুমিনুল হক আশা তৈরি করেছিলেন। ১ উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য ৪২ ও মুমিনুল ২৭ রান করে পর পর ফেরায়  ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয় বাংলাদেশের স্কোর।
 
দিনের বাকি সময়টা অবশ্য আর কোনো ক্ষতি ছাড়া পার করে দিয়েছেন সাকিব ও মাহমুদ উল্লাহ। এরপর দিনের শুরুতে আউট সাকিব। ২৩ রান করে আউট হন মুশফিক। ক্রিজে রয়েছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
 
ইত্তেফাক/মাহাদী