আরেকটি জয়ের লক্ষ্যে খেলতে নেমেও শেষ পর্যন্ত বার্নলির সাথে ১-১ গোলে ড্র করেই মাঠ ছেড়েছে চেলসি। তবে এখনো প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের থেকে ১০ পয়েন্ট এগিয়ে শিরোপার সুস্পষ্ট ফেবারিট হিসেবে নিজেদের ধরে রেখেছে ব্লুজরা।
১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানের লক্ষ্যে খেলতে নেমে চেলসি পেড্রোর সাত মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ঘরের মাঠে স্বাগতিক সমর্থকদের হতাশ করেনি বার্নলি। রবি ব্র্যাডির ২৪ মিনিটের ফ্রি-কিকে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
চেলসি তাদের বর্তমান পারফরমেন্সে সন্তুষ্ট হলেও সোমবার বোর্নেমাউথের বিপক্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি জিতলেই দুই দলের পয়েন্টের ব্যবধান আটে নেমে আসবে। টার্ফমুরে এন্টোনিও কন্টের দল পেড্রোর সাত মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু বার্নলি তাদের রেকর্ড ১৩ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পাওয়া উইঙ্গার ব্র্যাডির অসাধারণ ফ্রি-কিকে সমতা ফেরায়। এই নিয়ে ঘরের মাঠে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্টই অর্জন করলো বার্নলি।
ইত্তেফাক/মাহাদী
