সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ১ জন বরখাস্ত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪০
 
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে ঘুষের টাকাসহ আটক করার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী আব্দুল আজিজকে চাকরি থেকে বরখাস্ত এবং জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে।
 
একইসঙ্গে ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই টিমে দুদকের পাঁচজন কর্মকর্তা থাকবেন বলে জানা গেছে। 
 
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
 
গত ৯ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা–বাণিজ্য শাখার অফিস সহকারী আব্দুল আজিজকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করার পর হামলার শিকার হন সিলেটের দুদক কর্মকর্তারা। 
 
এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি রাতে সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন দুদকের সিলেট কার্যালয়ের পরিচালক শারমিন পারভীন।
 
ইত্তেফাক/কাউছার