শ্রীলংকায় ৫ শতাধিক পলাতক সেনা গ্রেফতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩
শ্রীলংকায় একদিনে প্রায় সাড়ে ৫শ’ পলাতক সৈন্য গ্রেফতার হয়েছে। সামরিক বাহিনী থেকে গণহারে পালিয়ে যাওয়া ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়। দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়ার এ প্রবণতা ব্যাপক হারে দেখা যায়। 
 
সোমবার সরকারি এক কর্মকর্তা একথা জানান। শ্রীলংকায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর সরকারের সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় আত্মসমর্পনে অস্বীকৃতি জানানো প্রায় ৪৩ হাজার সৈন্যকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সামরিক আদালতে বিচার এড়াতে সৈন্যদের আত্মসমর্পনের যে অতিরিক্ত সময় বেঁধে দেয়া হয় তা শেষ হয়ে যাওয়ার পর থেকেই এ গ্রেফতার অভিযান শুরু করা হলো।
 
ব্রিগেডিয়ার রোশান সেনিভিরাতনি এএফপিকে বলেন, পলাতক সৈন্যদের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাপক অভিযান চলাকালে ৫৪৬ জন গ্রেফতার হয়। উল্লেখ্য, সামরিক আদালতে বিচার এড়াতে ৯ হাজারের বেশী সৈন্য সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির