পদ্মাসেতুর অর্থায়ন বন্ধের হোতা ইউনূস: হাছান মাহমুদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৬
 
পদ্মাসেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে নোবেল বিজয়ী ড. ইউনূসকে দায়ী করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, একজন নোবেল বিজয়ী তার দেশের উন্নয়নের জন্য কাজ করে থাকেন। কিন্তু ড. ইউনূস মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজসে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে সহায়তা করেছেন। যার প্রমাণও মিলেছে। তার কিছু ইমেইল ফাঁস হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এর মূল হোতা তিনি।
 
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) অভিযোগ প্রমাণ হওয়ার আগেই পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে- এটা প্রমাণের চেষ্টা করে। এর সঙ্গে যোগ দেন কিছু বুদ্ধিজীবী।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিলেন, স্বপ্নের এ পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে না। তারপরও দুর্নীতি দমন কশিমন (দুদক) বিশ্ব ব্যাংককে সঙ্গে নিয়ে তদন্ত করেন। তাতেও দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল।