হুয়ান মাতাকে বিক্রি করার কোন উদ্দেশ্য নেই ইংলিশ ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের।ম্যানইউ বস হোসে মরিনহো এই তথ্য নিশ্চিত করেছেন। স্পেনের এই মিডফিল্ডার তার পরিকল্পনা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে থাকেন বলে জানান তিনি।
২০১৪ মৌসুমে চেলসির কোচের দায়িত্ব পালনকালে মাতাকে ইউনাইটেডে যাবার অনুমতি দেয়ার কারণে পরবর্তীতে মরিনহো যখন ২০১৬-১৭ মৌসুমে লুইস ফন গালের পরিবর্তিত হিসেবে সেখানেই যোগ দেন তখন অনেকেই ধারনা করছিলেন মাতাকে হয়তো বিক্রি করে দিবেন।
তবে চলতি মৌসুমে মাতা যেমন ইউনাইটেডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তেমনি মরিনহোর পরিকল্পনা বাস্তবায়নেও মুখ্য ভূমিকা পালন করছেন। গত শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচেও গোল করেছেন তিনি। ২-০ গোলে ইউনাইটেডের জয় পাওয়া ম্যাচটিতে এটি ছিল মৌসুমে মাতার ষষ্ঠ গোল।
মরিনহো বলেন, যখন আমি এখানে (ইউনাইটেডে) আসি তখন অনেকেই মনে করেছিলেন মাতা বোধ হয় সমস্যায় পড়তে যাচ্ছে। কিন্তু আমি জানতাম সে কোন সমস্যায় পড়বে না। কারণ চেলসিতে যেমন আমি শুধু একটি জিনিসই চেয়েছি, সেটি হচ্ছে ফুটবল খেলা, তেমনি ইউনাইটেডেও আমি সেই ফুটবল খেলাই দেখতে চাই। মাতা যেহেতু ফুটবলটাকে ধারন করে নিতে পেরেছে সেহেতু আমি তাকে দিয়ে খেলাতে চাই।
তিনি অারো বলেন, আমি শুরু থেকেই জানতাম সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে। আমার মনে হয় এখন সে ওই আত্মবিশ্বাস পেয়েছে। সে খেলায় যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তেমনি আমরা চাই সে যেন আরো ভাল খেলার চেষ্টা করে।
ইত্তেফাক/রেজা
