জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হত্যাসহ পাঁচটি নাশকতার মামলায় সোমবার জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে আদালত তিনটি মামলার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর এলাকার আরিফ হত্যা মামলাসহ পাঁচটি নাশকতার মামলার অভিযুক্ত মো. লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন তিনটি মামলার মধ্যে একটি মামলায় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী জামিন প্রদান করেন এবং অপর দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।
অপরদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারাধীন দুটি মামলার মধ্যে আরিফ হত্যা মামলার জামিন আবেদন নামঞ্জুর করে আদালতের বিচারক জুয়েল অধিকারী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
ইত্তেফাক/উজ্জল
