৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা: অসুদপায় অবলম্বনে তিনজনকে বহিষ্কার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯
গত রবিবার থেকে শুরু হওয়া ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অসুদপায় অবলম্বনের জন্য পরীক্ষা কেন্দ্রে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও প্রবেশপত্রে অন্যর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে পরীক্ষা দেয়ার অভিযোগে এক ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ইত্তেফাককে জানান, গত ১২ ফেব্রুয়ারি ছিল বিসিএস লিখিত পরীক্ষার প্রথম দিন। ঐ দিন ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে মো. আলম মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। আলম মিয়াকে আটকের পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দী ও সাক্ষ্য গ্রহণ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী মো. আলম মিয়ার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়।
 
পিএসসির জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, রবিবার ঢাকা কেন্দ্রে হাজী আস্রাফ আলী হলের দুই জন পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের কারণে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ অনুষ্ঠিত পরীক্ষায় রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী কেন্দ্রে অসুদপায় অবলম্বনের জন্য মো. রুবেল হক নামে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
৩৭তম বিসিএসের প্রিলিমিনারির মতো লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সেটও ভিডিও কনফারেন্সে লটারিতে ঠিক করা হয়। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ভিডিও কনফারেন্সে প্রশ্নপত্রের সেট ঠিক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার কিংবা জেলা প্রশাসকসহ পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা এতে যুক্ত ছিলেন।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল।