একটা বক্সের ভেতর হতে আগুনের ফুলকি উড়িয়ে বেরিয়ে এলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ট্রফি। চারদিক হতে ফুটল আতশবাজি। উড়ল রঙিন কাগজ। মঞ্চে অতিথিদের দেখাই গেল না। উচ্চ শব্দে সোনারগাঁও হোটেলের বলরুমের পুরো পরিবেশ বদলে গেল। আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং ড্র অনুষ্ঠান ঘিরে পুরো পরিবেশ ঝলমল করে উঠল রঙিন আলোয়। অংশগ্রহণকারী ক্লাবগুলোর পরিচিতি তুলে ধরতে সেসব দেশের সঙ্গীতের সঙ্গে মিল রেখে মঞ্চে ক্যাটওয়াক করেছেন তরুণ তরুণীরা। ক্লাবগুলোর ঐতিহ্যবাহী পোশাকে তরুণ-তরুণীর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নতা এনেছে।
এতদিন আলোচনায় ছিল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল হবে। দল আসবে সেটা জানানো হচ্ছিল বাফুফে হতে। গতকাল জমকালো ড্র অনুষ্ঠান জানিয়ে দিল নির্ধারিত সময়েই শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। হাতে সময় কম। আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। প্রথম দিন আবাহনী ও টিসি স্পোর্টস এবং এফসি আলগা ও পোয়েচন সিটিজেন মুখোমুখি হবে।
ট্রফির জন্য লড়াই করবে আট দল। ট্রফি উন্মোচনও করা হয়ে গেল। জমকালো অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, উপ ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়, ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, সামছুল হক চৌধুরী এমপি, এমএ লতিফ এমপি, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, রাষ্ট্রদূত, ফুটবল ক্লাব সংগঠক, কোচ কর্মকর্তা ছিলেন অনুষ্ঠানে।
গ্রুপিং হয়েছে। আবাহনী কঠিন গ্রুপে পড়েছে। কোরিয়ান ক্লাব, কিরগিজ ক্লাবকে মোকাবেলা করতে হবে। কঠিন লড়াই হবে আবাহনীর জন্য। টুর্নামেন্টের গত আসরে আবাহনী সেমিফাইনাল হতে বিদায় নিয়েছিল। এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে। কিন্তু কালকের ড্রয়ে আবাহনীকে দুশ্চিন্তায় ফেলেছে।
সহজ গ্রুপে পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। এখানে দুর্বল দল মোহামেডান। নেপাল এবং আফগানিস্তানকেও খুব বেশি শক্তিশালী বলা যায় না। তবে আফগান দলে কোনো খেলোয়াড়রা আসবেন সেটাও দেখার ব্যাপার। যেখানে ‘এ’ গ্রুপে প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়ন আবাহনী, কিরগিজস্তানের এফসি আলগা, কোরিয়ার পোয়েচন সিটিজেন ক্লাব, মালদ্বীপের টি স্পোর্টস ক্লাব। ‘বি’ গ্রুপে চট্টগ্রাম আবাহনী, নেপালের মানাংমারসিয়াংদী ক্লাব, মোহামেডান এবং আফগানিস্তানের শাহীন আসমায়ী ক্লাব লড়াই করবে। মন্ত্রী এমপি এবং বাফুফের কর্মকর্তারা ক্লাবগুলোর নাম তুলে ঘোষণা করেন।
১৬ ফেব্রুয়ারি হতে দলগুলো আসতে শুরু করবে। প্রথমেই আসবে কোরিয়ান ক্লাব, একই দিনে অন্যান্য ক্লাব পা রাখবে পালাক্রমে। দলগুলো এসেই চট্টগ্রাম চলে যাবে। টুর্নামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামসুল হক চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, ‘দর্শকের জন্য ম্যাচের মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বিকাল ৩টা ও ৫টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’
গ্রুপ এ
আবাহনী, এফসি আলগা (কিরগিজস্তান), পোয়েচন সিটিজেন ক্লাব (দক্ষিণ কোরিয়া) এবং টি স্পোর্টস ক্লাব (মালদ্বীপ)।
গ্রুপ বি
চট্টগ্রাম আবাহনী, মানাংমারসিয়াংদী ক্লাব (নেপাল), মোহামেডান এবং শাহীন আসমায়ী ক্লাব (আফগানিস্তান)।
প্রথম দিনের খেলা
আবাহনী ও টিসি স্পোর্টস
এফসি আলগা ও পোয়েচন সিটিজেন
ইত্তেফাক/মাহাদী
