অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮
 
গতকাল ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াশিংটন ডিসির কংগ্রেসম্যান টেড এস লিউ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে দু’দেশের অর্থনীতিক সম্পর্ক উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহযোগিতা কামনা করা হয়েছে।
 
ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান টেড লিউ মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারম্যান।
 
সাক্ষাতে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ইউএস কংগ্রেসম্যান টেড লিউকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করার অভিবাদন জানান।
 
এসময় রাষ্ট্রদূত আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধার আহবান জানিয়ে এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যেখানে বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান, সুবিধা ও সমস্যার কথা জানানো হয়েছে।
 
 
জিয়াউদ্দিন সংক্ষেপে কংগ্রেসম্যান লিউয়ের কাছে দেশের নারী ক্ষমতায়ন, সামাজিক উন্নয়নের অবদান, সন্ত্রাসবাদ ও শিশুশ্রম নিরসনে বর্তমান দৃশ্য তুলে ধরেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার প্রধান শেখ হাসিনার কঠোর অবস্থান এবং জিরো টলারেন্সের কথাও জানান রাষ্ট্রদূত। 
 
এসময় টেউ লিউ ধন্যবাদ জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন দূতাবাস মন্ত্রী(রাজনীতি) তৌফিক হাসান, ইউএস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্সের এশিয়া নীতি বিশ্লেষক হান্টার এম স্টুপ প্রমূখ।
 
ইত্তেফাক/আনিসুর