চলতি মৌসুমের কোপা ডেল রে’র ফাইনাল অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড এস্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে। এর মাধ্যমেই এই স্টেডিয়ামে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মৌসুমে অ্যাটলেটিকো নব নির্মিত ৭৩ হাজার আসন বিশিষ্ট ওয়ান্ডা মেট্রোপোলিটানো স্টেডিয়ামে তাদের হোম গ্রাউন্ড সরিয়ে নিচ্ছে।
এই মাঠেই ২০১৬ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু রিওর কাছে বিডে পরাজিত হয়ে মাদ্রিদ অলিম্পিক আয়োজনের স্বত্ত্ব পায়নি। মৌসুম শেষের সাথে সাথে ক্যালদেরনকে একটি পার্কে পরিণত করা হবে। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকোকে পরাজিত করে কোপা ডেল রে’র ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বার্সেলোনা। আগামী ২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ দিপোর্তিভো আলাভেস।
সেল্টা ভিগোকে পরাজিত করে প্রথমবারের মত কোপার ফাইনালে উঠেছে আলাভেস। গত বছরও এই ক্যালদেরনে সেভিয়াকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতেছিল বার্সেলোনা। ২০১৫ সালে ক্যাম্প ন্যুতে অ্যাটলেটিকোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। বাসস।
ইত্তেফাক/সাব্বির
