দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ পাট দিবস পালন করা হবে। মঙ্গলবার সংসদে পাট বিল-২০১৭ পাসের প্রক্রিয়ায় বিরোধীদলের সদস্যদের আনীত সংশোধনী প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য দেয়ার সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ তথ্য জানান।
তিনি বলেন, এ উপলক্ষে দেশে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি আরো জানান, বিজেএমসির পক্ষ থেকে শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করা হবে। এ মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উত্পাদন করা হবে।
মির্জা আজম বলেন, বিজেএমসি উত্পাদনে গেলে সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেয়া হবে। আর ৬ মার্চ পাট দিবসের আগেই সংসদের স্পিকারকে পাটের শাড়ি উপহার দেয়া হবে। এ সময় সংসদ সদস্যরা বিশেষ করে নারী সদস্যরা টেবিল চাপড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ইত্তেফাক/আনিস মণ্ডল
