ভালোবাসা আর বই - এ যেন একই সূত্রে গাঁথা। যে কথা মুখে বলা যায় না প্রিয়জনকে। সে কথাই যেন কবি বলে দেন প্রেমিকের হয়ে। সেজন্যই বইয়ের আশ্রয় নেয়া। প্রিয়জনের হাতে তুলে দেয়া প্রেমের প্রিয় পংক্তিমালা। লাল গোলাপের সাথে নতুন বই তুলে দিয়ে প্রিয়জনকে অনেকেই করেছেন প্রেম নিবেদন।
ভালোবাসার স্পর্শে বর্ণিল হয়ে উঠেছিল অমর একুশে বইমেলা। তরুণ-তরুণীরা হাত ধরে বললো ‘ভালোবাসি’। গোলাপ ছিল কারো হাতে, কারো হাতে ছিল না কোন ফুল, হাতে ছিল বই। প্রেমের পংক্তিমালা দিয়ে উদযাপন করলেন ভালোবাসার দিনটি। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসের জোয়ারে ভেসে অনেকেই এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে। শুধু বইমেলা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, প্রতিটি রাস্তায় লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরে ঘুরে বেরিয়েছেন অনেকেই। বইমেলা প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল তাদের প্রিয় মিলনস্থান।
মেলায় টাস্কফোর্সের অভিযান :মঙ্গলবার মেলার ১৪তম দিনে এসে প্রথমবারের মতো পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এর জন্য গঠিত টাস্কফোর্স। তারা নয়টি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেছে। প্রকাশনা সংস্থাগুলো হলো— হলি পাবলিকেশন, রেজা পাবলিকেশন, শিশুসাহিত্য, বই পড়ি, রাতুল গ্রন্থ প্রকাশ, মেলা, প্রিয় প্রকাশ, পিপিএমসি ও জোনাকী প্রকাশনী।
মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. জালাল আহমেদ বলেন, ‘শিশুদের কর্নারে বড়দের বই, পাইরেটেড বই, অননুমোদিত বিদেশি লেখকদের বই এসব স্টল থেকে জব্দ করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ কাজ করলে, তাদের স্টল বন্ধ করে দেওয়া হবে।’
মেলা পরিদর্শনে ডিএমপি কমিশনার : মঙ্গলবার মেলায় দ্বিতীয়বারের মতো পরিদর্শনে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বইয়ের নজরদারির যে কথা উঠেছে সেটা সত্য না। নজরদারি করবে বাংলা একাডেমি। তবে দেশে আইন রয়েছে, কেউ যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু প্রকাশ করে, তাহলে দণ্ডবিধির ২৯৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।
নতুন বই :মঙ্গলবার ছিল মেলার ১৪তম দিন অর্থাত্ দুই সপ্তাহ পার করলো মেলা। দুই সপ্তাহে মেলায় মোট বই এসেছে এক হাজার ৬৩৩টি। মেলায় মঙ্গলবার নতুন বই এসেছে ১৪৬টি এবং ২৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তাম্র্রলিপি থেকে এসেছে গুলতেকিন খান অনূদিত কাব্যগ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, অবসর থেকে ফরিদুর রেজা সাগরের ‘সেরা সাত ছোট কাকু’, অনন্যা থেকে ফকির আলমগীরের ‘নির্বাচিত নিবন্ধ’, মাওলা ব্রাদার্স এনেছে সৈয়দ শামসুল হকের ‘সীমানা ছাড়িয়ে’, ঐতিহ্য থেকে এসেছে ‘বঙ্গবন্ধুর বাণী’, বুলবুল সরোয়ারের ‘রুবাইয়াত’, আমীন আর রশীদের ‘জঙ্গিবাদ, গণতন্ত্র, আইনের শাসন’, বেহুলাবাংলা থেকে ফজলুল কবিরীর ‘ঔরসমঙ্গল’, বাতিঘর থেকে সমরেশ মজুমদারের ‘সোনার মোবাইল’, গোলাম মুস্তাফার ‘বাংলা সাহিত্যের ইতিহাসচর্চা ও অন্যান্য’, দ্য রয়েল পাবলিশার্স এনেছে সৈয়দ ইকবালের ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তির সংগ্রাম’, কাকলী প্রকাশনী এনেছে রকিব হাসানের ‘ড্রাগনের নিঃশ্বাস’, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের ‘রাত দুপুরে’, আগামী প্রকাশনী এনেছে আবুল ফজলের ‘মৃতের আত্মহত্যা’, অ্যাডর্ন পাবলিশার্স এনেছে জয়নাল হোসেনের ‘প্রেমিক ভ্যানগগ’।
মেলামঞ্চে অনুষ্ঠান :গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় পঞ্চাশ ও ষাট দশকের একুশের সংকলন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক ড. ইসরাইল খান। আলোচনায় অংশগ্রহণ করেন শিশুসাহিত্যিক আখতার হুসেন ও সাংবাদিক অজয় দাশগুপ্ত। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ এবং তনুশা রহমান।
আজকের অনুষ্ঠান : আজ বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সমর সেনের জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
ইত্তেফাক/নূহু
