হাটহাজারীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল করে দোকান নির্মাণ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৬

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে প্রভাবশালী এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকার জমি দখল করে তাতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করেছে। সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স গেটের উত্তর পাশের সীমানা প্রাচীরের ভিতরের আরএস দাগ ১৪৩২ এর অধীন বিএস খতিয়ান ১২৭ এবং ১নং বিএস দাগ নাম্বার ১২৪৩ এর ১৬ শতাংশ জমির মালিক স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হলেও শফিউল আলম (শফি) নামের এক ব্যক্তি তা দখল করে রেখেছে। দখলকৃত সম্পদের আর্থিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে দখলদার শফি বলেন, জায়গাটি আমাদের মৌরশী সম্পত্তি। প্রয়োজনীয় কাগজপত্র আমাদের আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ভাল জানেন।

সচেতন মহলের অভিযোগ, বর্তমানে হাটহাজারীতে জমির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াতে ভূমিদস্যু চক্রের সদস্যরা সদরের আনাচে-কানাচে পড়ে থাকা সরকারি সম্পদ প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে দখল করে নিচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক কারণে নির্বিকার ভূমিকা পালন করছে। এভাবে সরকারি সম্পদ স্থায়ীভাবে অবৈধ দখলে চলে যাচ্ছে।

এলাকাবাসী দখল সংশ্লিষ্টদের আয়ের উত্স ও সম্পদের হিসাব নিতে দুদকের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার পূর্বেই রাস্তাটি তৈরি হয়েছিল, রাস্তা বাদে হাসপাতালের সম্পত্তির পরিমাণ ১৬ শতাংশ। সেই হিসাবে দোকানগুলো হাসপাতালের সীমানা দেওয়ালের ভেতরে সরকারি জায়গার মধ্যে তৈরি করা হয়েছে। রাস্তার কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করার কাজ চলছে।

এই ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তা বাদে ১৬ শতাংশ ভূমির মালিক এই দাবীর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেন নাই’। হাসপাতালের সীমানা প্রাচীরের ভেতরে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা দোকানের পেছনে হাসপাতাল প্রতিষ্ঠার সময় করা সীমানা প্রাচীর আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ হাসপাতালের একটি সীমানা দেওয়াল আছে, তার ভেতরেই দোকানগুলো নির্মাণ করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে রাস্তার কাগজটা সংগ্রহ করতে বলেছি।’

ইত্তেফাক/নূহু