জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের দিন রেখে এ আদেশ দেন।
এদিকে, গতকাল সকালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মামলার পাঁচ আসামি জেএমবির মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে আদালতে আনা হয়। দুপুরে সাখাওয়াত হোসেন ওরফে রাহুলের (৩০) পক্ষে একজনের সাফাই সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
জানা যায়, গত ১৮ জানুয়ারি বুধবার বিশেষ জজ নরেশ চন্দ্রের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামি মাসুদ রানা ও সাদ্দাম হোসেনের গুলিতে কুনিও মারা যান বলে তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী তার সাক্ষ্যে বলেছেন। মামলাটিতে ৫৭ সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। দুই সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণ শেষের আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা জানান, মঙ্গলবার সাখাওয়াতের পক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়াবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাফাই সাক্ষ্য দেন।
ইত্তেফাক/কাউছার
