ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সে খেলার প্রাথমিক লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে টাইগ্রেসরা। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও র্দুবল স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করেছে বাংলাদেশ।
কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচেও আইরিশদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাই জয় দিয়ে সুপার সিক্স শুরু করার আশা করতেই পারেন রুমানা-সালমারা।
সুপার সিক্স শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকতে পারলেই আগামী জুনে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ছাড়াও সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলংকা। ১৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং ১৯ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচ খেলবে বাংলাদেশ।
ইত্তেফাক/মাহাদী
