দেশের অন্যতম নাট্যদল আরণ্যক মঞ্চে নিয়ে আসছে নাটক ‘জুবলী হোটেল’। মান্নান হীরার রচনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হবে একুশে নাট্যোৎসব মঞ্চে আগামী ২২ ফেব্রুয়ারি।
মফস্বল শহরের একটি বিখ্যাত চায়ের দোকানকে কেন্দ্র করে ‘জুবলী হোটেল’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, জুবলী হোটেলে শহরের সর্বস্তরের মানুষের নিয়মিত আড্ডা চলে। হারু মণ্ডল নামের এক প্রবীণ নাট্য-নির্দেশক তার দলবল নিয়ে এখানে নিয়মিত আড্ডা দেয়, আর ‘সুলতান রাজিয়া’ নামক একটি নাটক করার জন্য মিটিং করে। ২০ বছর ধরে এই প্রক্রিয়া চললেও অদ্যাবধি সুলতান রাজিয়া মঞ্চে আসেনি।
কারণ সুলতান রাজিয়া চরিত্রে অভিনয় করার জন্য কোনো অভিনেত্রী পাওয়া যাচ্ছে না। এ রকম নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে নাটকটির কাহিনী এগুতে এগুতে হঠাত্ এক মারাত্মক সঙ্কট আবির্ভূত হয়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া চৌধুরী, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জি, কৌশিক সাহা, মাহফুজ মুন্না, নিকিতা নন্দিনীসহ অনেকে।
ইত্তেফাক/আনিসুর
