ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল অনলাইনে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অক্ষরে’র একটি ভিডিও গান। ‘অক্ষর’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়।
‘অক্ষর’ নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে ভাষা সংক্রান্ত একটা ব্যাপার আছে। তবে শুধু ভাষা নয়, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উভয়কেই উপজীব্য করে ‘অক্ষরে’র গল্প সাজানো হয়েছে। ‘অক্ষর’ হচ্ছে বিশুদ্ধ আবেগের গল্প। যে আবেগ মানুষকে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে প্রিয়জনকে জয় করার সাহস সঞ্চারণ করে’, বললেন ভিকি জাহেদ।
অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাফা কবির ও তাহসিন অহনা। জোভান ও সাফা এই প্রথম একসঙ্গে কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন।
‘এই যে আমি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহামুদ হায়েৎ অর্পণ ও নাফিজা জাহান। সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েৎ অর্পণ।
IMG0
আহমেদ প্রডাকশনস এর ব্যানারে শর্টফিল্মটি প্রযোজনা করেছেন তাসনিয়া আতিক এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মিনহাজ আহমেদ। ‘অক্ষর’ পরিবেশক হিসেবে কাজ করছে টাইগার মিডিয়া। নির্মাণ করেছে মোশন ভাস্কর।
উল্লেখ্য, নির্মাতা ভিকি জাহেদ এর আগে ‘মায়া’, ‘অবিশ্বাস’, ‘মোমেন্টস’, ‘দেয়াল’-এর মতো জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘অক্ষরে’র পাশাপাশি ভিকির ‘দূরবীন’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। সম্প্রতি প্রকাশিত তাহসানের কণ্ঠে ‘দূরবীনে’র মোমের দেয়াল গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ইত্তেফাক/আনিসুর
