সাঁওতালদের পুনর্বাসনে পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৮
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
 
গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
 
আজ বুধবার সাঁওতালদের বিষয়ে জারি করা রুল শুনানিকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
 
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সুপ্রকাশ দত্ত অমিত। রংপুর চিনিকলের পক্ষে শুনানি করেন এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
এ বিষয়ে আইনজীবী সুপ্রকাশ দত্ত সাংবাদিকদের বলেন, গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে জানতে চেয়েছে আদালত। এ ছাড়া রুলও জারি করেছে। রুলে উচ্ছেদকৃত সাঁওতালদের পুনর্বাসনের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
 
ভূমি সচিব, সমাজ কল্যাণ সচিব, শিল্পসচিব, গাইবান্ধার জেলা প্রশাসক, গাইবান্ধার পুলিশ সুপার, গোবিন্দগঞ্জের ইউএনও ও ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার