ভারতে পা দিয়েই আগুনটা জ্বালিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।খেলার শুরুর আগেই ঘোষণা দিলেন, প্রয়োজনে আমার ছেলেরা অবশ্যই স্লেজিং করবে।
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মিস্টার ক্রিকেট মাইকেল হাসি ভারত সফরে ভারতীয়দের বিশেষ করে কোহলিকে না খেপিয়ে দিতে অস্ট্রেলিয়ানদের স্লেজিং না করতে পরামর্শ দিয়েছিলেন।
মুম্বাইয়ে নেমে স্মিথ সাংবাদিকদের বলেন, আমার টিমের সবাই নিজের নিজের মতো করে খেলে। ওরা যদি মনে করেন স্লেজিং করলে কোনও কাজ হবে, স্লেজিং করলে ওরা নিজেদের তাতাতে পারবে, সেরাটা বার করে আনতে পারবে, তা হলে অবশ্যই স্লেজিং করুক।
ভারতে আসার আগে স্মিথ বলেছিলেন, তাঁর গেমপ্ল্যান থাকবে কোহালিকে রাগিয়ে দেওয়া। দেখা যাচ্ছে, শুধু কোহালি নয়, টিম ইন্ডিয়ার বেশ কয়েক জন ক্রিকেটারও অস্ট্রেলীয় অধিনায়কের নজরে আছেন।
স্মিথ পরিষ্কার করে জানান, যার যা ইচ্ছে মাঠে সেটা বলতেই পারে। তবে শেষ কথা অবশ্যই পারফরম্যান্স। সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
ভারত অধিনায়ককে নিয়েও বিশেষ গেমপ্লান করেছে অস্ট্রেলিয়া। স্মিথ জানান, কোহলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আমরা অবশ্যই ওর জন্য আলাদা প্ল্যান নিয়ে নামব। সেটা কী, তা তো আর আপনাদের বলার প্রশ্ন নেই। আর শুধু বিরাট কেন, ভারতের প্রথম ছ’জনই তো যথেষ্ট শক্তিশালী ব্যাট। আমরা সেটাও মাথায় রাখছি।
IMG0
সূচি অনুযায়ী, ভারত বনাম অস্ট্রেলিয়া শুরু হবে ২৩ ফেব্রুয়ারি পূণেতে। কিন্তু যুদ্ধটা তার সপ্তাহ খানেক আগে, মুম্বাইয়ে বসেই শুরু হয়ে গেল। কেননা আগের দিন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন, অস্ট্রেলিয়ার জন্য আমরা তৈরি। এ দিন দেখা গেল, বিরাট-হুঙ্কারের জবাব তৈরি আছে অস্ট্রেলিয়ারও।
ভারত-অস্ট্রেলিয়ার আগুনে স্লেজিং যুদ্ধ অবশ্য নতুন নয়। সেই ১৯৮১ সালের সফরে সুনীল গাভাস্কার বনাম ডেনিস লিলি লেগেছিল। মেলবোর্নে আম্পায়ার গাভাস্কারকে বিতর্কিত এলবিডব্লিউ আউট দেওয়ার পরে ভারত অধিনায়ক ক্রিজ ছাড়তে চাননি। তখন লিলি দৌড়ে এসে আঙুল দিয়ে দেখিয়ে দেন, বলটা গাভাস্কারের প্যাডের ঠিক কোথায় লেগেছিল। ক্ষিপ্ত গাভাস্কার এর পরে সঙ্গী ওপেনার চেতন চৌহানকে নিয়ে প্রায় ওয়াক আউট করেন। এ তো গেল আশির দশকের কথা। বছর দশেক আগে হরভজন সিংহ বনাম অ্যান্ড্রু সাইমন্ডসের সেই ‘মাঙ্কি’গেট বিতর্কের স্মৃতি তো এখনও টাটকা।
ইত্তেফাক/রেজা
