অবসর না নিলে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হকই থাকবেন বলে জানিয়ে দিলেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। তিনি বলেন, যতদিন সে খেলা চালিয়ে যাবে ততদিন মিসবাহই পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক থাকবে, সে বিচক্ষণ ও পরীক্ষিত একজন নেতা।
মিসবাহ’র উপর আস্থা রেখে শাহরিয়ার বলেন, কিছুদিন আগেই দুবাইয়ে মিসবাহর সঙ্গে দেখা হয়েছে এবং ওর সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ১০ থেকে ১৫ দিন সময় চেয়েছে সে। আমরা মনে করি, সব চিন্তা-ভাবনা করেই অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবে সে। আমরা তার উপর কোন চাপ দিচ্ছি না। সে যদি খেলে যেতে চায়, তবে অধিনায়কের ভূমিকাতেই থাকবে মিসবাহ।
মিসবাহ’র উপর আস্থা রেখে, তার প্রশংসাও করেছেন শাহরিয়ার। অধিনায়ক মিসবাহর পরিসংখ্যানে চোখ রেখে শাহরিয়ার বলেন, ২০০৮ সাল থেকে ওয়ানডে ও ২০১০ সাল থেকে টেস্ট অধিনায়কত্ব করছে মিসবাহ। পাকিস্তান ক্রিকেটকে দারুন দারুন সাফল্য এনে দিয়েছে সে। ব্যাটসম্যান হিসেবে নিজের দক্ষতা দেখিয়েছে মিসবাহ।
এদিকে মিসবাহ যদি অবসরের কোন সিদ্বান্ত নিয়েই নেন, তবে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্বও পেতে যাচ্ছেন ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
শাহরিয়ার খানের বক্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে, মিসবাহ যদি অবসর নিয়ে নেয়, তবে আমরা সব ফরম্যাটের জন্য একজন অধিনায়ক করব।
২০০৮ সালে ওয়ানডে ও ২০১০ সালে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব পান মিসবাহ।২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নিয়ে সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এসময় অধিনায়ক হিসেবে ৮৭ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। তার অধীনে ৪৫টি জয়, ৩৯টি হার ও ২টি ম্যাচে টাই করে পাকিস্তান। ৫৩ টেস্টে অধিনায়কত্ব করে ২৪টি জয়, ১৮টি হার ও ১১টি ম্যাচ ড্র করেছেন মিসবাহ।
তবে সর্বশেষ অস্ট্রেলিয়ার সফরে হোয়াইটওয়াশ হবার পর, মিসবাহ’র অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি বয়স ও অবসর নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। তবে কিছুদিন আগেই দুবাইয়ে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেছেন শাহরিয়ার, কোচ মিকি আর্থার, প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক, টেস্ট অধিনায়ক মিসবাহ ও ওয়ানডে এবং টি-২০ দলপতি সরফরাজ। ক্রিকেটের তিন ফরম্যাটেই একজন অধিনায়ক করার সিদ্বান্তে সায় দিয়েছেন সকলেই।
ইত্তেফাক/রেজা
