সিআইডি কার্যালয়ে হাজিরের জন্য দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জে আহম্মদের রিট আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চে এ বিব্রতবোধের ঘটনা ঘটে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক সাংবাদিকদের জানিয়েছেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারক আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন।
আইনজীবীরা জানিয়েছেন, এখন নিয়মানুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি যে বেঞ্চে পাঠাবেন সেখানে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৭ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. লুৎফর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাট/বাড়ি ক্রয়ের ব্যাপারে তথ্য জানতে চেয়ে হাসনা জে আহম্মদকে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, আপনার বাড়ি/ফ্লাট ক্রয়ের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানতে চেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন মাধ্যমে অর্থ পাঠিয়েছেন। এছাড়া বাড়ি ক্রয়ের অর্থের উৎস ও বাংলাদেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরণের মাধ্যম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি ও কাগজসহ সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করা হল। এই চিঠির প্রেক্ষিতে সিআইডিকে গত ২৩ জানুয়ারি একটি চিঠি দেন হাসনা জে আহম্মদ। পরদিন সিআইডির পক্ষ থেকে আরেকটি চিঠি দেয়া হয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসনা জে আহম্মদ।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
