বৈশাখী টিভির শেয়ার হস্তান্তর বিষয়ে ডেসটিনির আপিল মঞ্জুর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৮
বৈশাখী টিভির শেয়ার হস্তান্তর আইনত সঠিক হয়নি মর্মে হাইকোটের দেয়া রায়ের বিরুদ্ধে ডেসটিনি-২০০০ লিমিটেডের আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বুধবার এই রায় দেন।
 
আদালত বলেছেন, শেয়ার হস্তান্তর সঠিক হয়নি এই দাবি করে হাইকোর্টে এমএনএইচ বুলু যে আবেদন করেছিলেন তা আইনের দৃষ্টিতে অচল। এ ধরনের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এক দশমাংশ শেয়ারের মালিক হতে হয়। অথচ বুলু যখন দরখাস্ত করেন তার কোন শেয়ার ছিল না। ফলে তার আবেদনটি আইনত রক্ষনীয় নয়।
 
ডেসটিনির পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার মঈনুল ইসলাম শুনানি করেন।
 
প্রসঙ্গত ২০০৮ সালে বৈশাখী টিভির শেয়ার ক্রয় করে ডেসটিনি-২০০০ লিমিটেড। টিভির সাবেক পরিচালক এমএনএইচ বুলু তার ৬৪ হাজার শেয়ার বিক্রয় ও হস্তান্তর করে ডেসটিনির নিকট। কিন্তু এর পরেও তিনি হাইকোর্টে কোম্পানি আইনে মামলা করেন। ওই মামলায় তিনি দাবি করেন যে আইনত তার শেয়ার হস্তান্তর হয়নি। কারণ তিনি বৈধ শেয়ারের মালিক। উক্ত আবেদনটি গ্রহণ করে আবেদনকারীর পক্ষে রায় দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে ডেসটিনি। আপিল গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিল করে দেয় আপিল বিভাগ। এর ফলে বৈশাখী টিভিতে ডেসটিনির মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হল বলে জানান ব্যারিস্টার মঈনুল ইসলাম।
 
 
ইত্তেফাক/উজ্জল