‘দেশের চলচ্চিত্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০০
 
চলচ্চিত্র ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাটা খুব বড় নয় সোহানা সাবার। তবে এতে যে তিনি আলোচনার বাইরে তা কিন্তু নয়। সীমিত কাজের মাঝেই তিনি নিজের শক্ত একটি অবস্থান তৈরি করেছেন।
 
দেশের চলচ্চিত্রের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেও কুড়িয়েছেন প্রশংসা। শিগগিরই তিনি পাড়ি জমাচ্ছেন লন্ডনে, আর উদ্দেশ্য কলকাতায় অভিনীত ‘ষড়রিপু’ লন্ডনের একটি হলে প্রদর্শিত হবে। লন্ডনের একটি ক্লাবের উদ্যোগে সেখানে বাংলাদেশি ও কলকাতার বাংলা ছবি প্রদর্শন করা হবে। 
 
সাবা দেশের বাইরে ছবি প্রদর্শন প্রসঙ্গে বলেন, ‘চলচ্চিত্রের একটি সার্বজনীন ভাষা রয়েছে। বিশ্বের অন্যান্য ছবিগুলো যেমন আমরা দেখার সুযোগ পাই তেমনি আমাদের চলচ্চিত্রগুলো বাইরে প্রদর্শনী করার ব্যবস্থা করা গেলে আমাদের সংস্কৃতি সম্পর্কে সবার ধারণা তৈরি হবে। দেশের চলচ্চিত্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে।’ 
 
সাবা চলতি সময় এ নিয়েই ব্যস্ত আছেন। পাশাপাশি ছোটপর্দার কাজও করছেন মাঝে মাঝে। এছাড়া সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন তিনি। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে সাবা আরো বলেন, ‘এখনো কোনোকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ‘ষড়রিপু’ নিয়ে ব্যস্ত আছি।’
 
ইত্তেফাক/আনিসুর