একুশে নাট্য মঞ্চে ‘বিবাদী সারগাম’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬
 
সোহরাওয়ার্দীর মুক্ত মঞ্চে চলছে মাসব্যাপী নাট্যোৎসব। প্রতিদিনই একটি করে নাটক মঞ্চায়িত হচ্ছে সেখানে। সেই ধারাবাহিকতায় আজ ৪টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর-এর নতুন নাটক ‘বিবাদী সারগাম’।
 
স্বাধীন বাংলাদেশের তিন বীরের জীবনকাহিনী নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে। শিশির রহমানের রচনা ও নির্দেশনায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলোয় রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘বিবাদী সারগাম’।
 
নাটকটিতে অভিনয় করছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, তুহিন, রিগ্যান সোহাগ, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, লিটু রায়, আহমেদ সুজন, চৈতালী চৈতী, রাহুল, নিরঞ্জন নীরু, সুজন গুপ্ত, প্রীতি, মাহমুদুল হাসান, সোহাগ রহমান, স্বাধীন আরুশ, নুপুর, মিঠুন, উর্মিল, মৌসুমী মৌ, পরশ ও বাঁধন সরকার।
 
মাতৃভূমির স্বাধীনতার জন্য যে সব বিপ্লবী প্রাণ দিয়েছেন তাদের গুটি কয়েকজনকে বাদ দিলে আর সবাইকে প্রায় ভুলে গেছে বর্তমান প্রজন্ম। এমনকি বর্তমান রাজনৈতিক নেতৃত্বের অনেকেই জানেন না বিপ্লবীদের মধ্যে কাদের উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে। আর কারাই বা কারাগারে আত্মবিসর্জন করেছিলেন। তেমনই তিন বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস থেকেই প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘বিবাদী সারগাম’।
 
ইত্তেফাক/আনিসুর