অশ্বিনকে নিয়ে ওয়ার্নারের বিশেষ পরিকল্পনা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৩
বিশ্বের এক নম্বর স্পিনার ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলে জানালেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ভারতে রয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের আগে অশ্বিনকে নিয়ে বেশি ভাবছে, বেশি কথা বলছে অসিরা। 
 
কারণ গেল দেড় বছর ধরে বড় ফরম্যাটে দুর্দান্ত সব পারফরমেন্স করে চলেছেন অশ্বিন। তাই আসন্ন সিরিজেও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাঁধার নাম অশ্বিন। এমনটা জানেন ওয়ার্নার নিজেও। অশ্বিনকে খেলার নিজস্ব পরিকল্পনাও তৈরি করেছেন তিনি, ‘বর্তমানে অন্যতম সেরা বোলার অশ্বিন। তাকে খেলার জন্য আমি বিশেষ পরিকল্পনা সাজিয়েছি। মারমুখী অভ্যাস থেকে সংযত থাকবো। তাকে সমীহ করেই খেলবো আমি।’
 
অশ্বিনকে সামলানোর জন্য অনেক পরিকল্পনাই আটছে অস্ট্রেলিয়া। যেমনটা গেল কয়েকটি সিরিজে করে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ। কিন্তু কোন কিছুতেই কাজে আসেনি। প্রত্যেক সিরিজেই অশ্বিনের কাছে মাথা নত করেছে দলগুলো। তাই সফরকারী দলগুলোর বিপক্ষে ভারতের সিরিজ জয় সহজ হয়েছে। এতে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ সাম্রাজ্য ভারতের দখলে চলে যায়। 
 
মাত্র একদিন আগেই অশ্বিনকে বর্তমান সময়ে বোলিং-এর ডন ব্র্যাডম্যান বলে আখ্যায়িত করলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘অশ্বিন বর্তমান সময়ে বোলিংয়ের ব্র্যাডম্যান। ব্যাট হাতে ব্র্যাডম্যান যে রেকর্ড করেছিল অশ্বিন বল হাতে সেটাই এখন করছে।’
 
সঙ্গত কারণেই অশ্বিনকে নিয়ে ভাবতে হচ্ছে বর্তমান সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নারকেও। অশ্বিনকে নিয়ে নিজস্ব পরিকল্পনা আছে বলেও জানালেন ওয়ার্নার, ‘খেলোয়াড় হিসেবে অশ্বিনকে আমি সম্মান করি। তার বিপক্ষে আমি নিয়মরক্ষা করেই খেলবো। নিজের সহজাত খেলা থেকে নিজেকে সংযত রাখবো। তার বিপক্ষে আমার নিজস্ব পরিকল্পনা আছে। আমি তার শক্তিশালী ডেলিভারিকে ভণ্ডুল করার চেষ্টা করবো। সেও আমাকে মোকাবেলার জন্য প্রস্তুত আছে। দু’জনই পরিস্থিতি অনুযায়ী খেলবো। দু’জনের মধ্যে ব্যাট-বলের দারুণ এক যুদ্ধ হবে।’
 
ওয়াহ’র মত ওয়ার্নারের চিন্তাতেও অশ্বিনের পর ভারতের অধিনায়ক কোহলি আছেন। কোহলি পুরো ম্যাচ একাই ঘুনিয়ে দিতে পারে বিশ্বাস করা ওয়ার্নার বলেন, ‘এই দশকে সেরা ফর্মে রয়েছে কোহলি। দুর্দান্ত এক খেলোয়াড় সে। সব ফরম্যাটেই বিধ্বংসী ব্যাটসম্যান । যেকোনো ম্যাচ একাই ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে সে। জো রুট, স্টিভ স্মিথ, ফাফ ডু-প্লেসিস ও কোহলি এই যুগের সেরা খেলোয়াড়। তাদেরকে আটকানো অসম্ভব। কোহলির সেঞ্চুরি- ডাবল সেঞ্চুরিগুলো সেটি বলছে।’
 
স্লেজিং করে ভারতকে ও কোহলি তেতিয়ে দেয়ার কথা বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে স্মিথের সাথে একমত হতে পারেননি ওয়ার্নার। তিনি বলেন, ‘স্লেজিং দু’টিভাবে কাজ করতে পারে কোহলির সামনে। ইতিবাচক ও নেতিবাচক। তবে সেরা খেলোয়াড়রা জানে কিভাবে এটিকে সামলাতে হয়।’ পুনেতে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির