মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নুরুল ইসলাম হাজির হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। বিচারপতি শাহীনূর ইসলামের নেতৃত্বাধীন ২ সদস্যর আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে এসপি পক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দীন আদালতকে বলেন, ভবিষৎ এ ধরনের ভুল আর হবে না। আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আদালত আজ দুপুরে এ বিষয়ে আদেশ দেবেন।
প্রতিবেদনে বলা হয়, ট্রাইব্যুনালে ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ৭ মাস আগেই মারা যান তিনি।
একাত্তরের হত্যা, গণহত্যা মামলার আসামি ওয়াজ উদ্দিন। তার বিরুদ্ধে ২০১৪ সালের অক্টোবরে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। শুরু থেকেই পলাতক দেখিয়ে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের রিপোর্টে বলা হয়।
২০১৬ সালের ১১ ডিসেম্বর ওয়াজ উদ্দিনকে পলাতক ঘোষণা করে তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা যায়, প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে ওয়াজ উদ্দিন মারা গেছেন। তার মৃত্যুর ৯ দিন পর তাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ আসে ট্রাইব্যুনাল থেকে। পরে তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
ইত্তেফাক/কাউছার
