প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, 'বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।'
আজ বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা পাঁচ বছরের যাত্রা শুরু করলাম। যারা দেশের জন্য শহীদ হয়েছেন-তাদের আত্মত্যাগের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব।
IMG0
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি কেন এবং কিভাবে এসব মন্তব্য করেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই করার নেই আমাদের।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।
ইত্তেফাক/কাউছার
