বায়ার্নের গোল উৎসবে বিধ্বস্ত আর্সেনাল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৮
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে স্বাগতিক বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। এর ফলে টানা সপ্তমবারের মত শেষ ষোল থেকে বিদায় নেয়ার পথে রয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। অপরদিকে এই হারে আর্সেনাল থেকেই কোচ ওয়েঙ্গারের বিদায়ের সম্ভাবনা আরো জোরালো হল। 
 
বুধবার অ্যালিয়াঞ্জ এরিনায় অনুষ্ঠিত নক আউট পর্বের ম্যাচে থিয়াগো আলকানতারার অন্তর্ভুক্তিতে উজ্জীবিত বায়ার্ন এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের পথ অনেকটাই নিশ্চিত করার পাশাপাশি নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক ১৬ ম্যাচে জয়ের নজির স্থাপন করেছে। 
 
ম্যাচে দুটি গোল করেছেন থিয়াগো। তিনি বলেন, ‘এটি ছিল একটা দারুণ পারফর্মেন্স। যেটি আসলে প্রত্যাশারও বাইরে। আমরা নিজেদের মাঠেই খেলছিলাম। জানতাম একাধিক গোল করতে হবে। ম্যাচে দেখা গেল বিরতির পর আমাদের সবগুলো প্রচেষ্টাই সফল হয়েছে।’ এর আগে ২০০৫, ২০১৩ ও ২০১৪ সালেও নকআউট পর্ব থেকে আর্সেনালকে বিদায় করেছিল বায়ার্ন। একই সঙ্গে চতুর্থবারের মতই সহজ জয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে তারা।
 
অ্যাওয়ে ম্যাচে এই হারের ফলে ফিরতি লেগের ম্যাচে আরো চাপের মধ্যে পড়ে গেলেন গানারদের বস ওয়েঙ্গার। আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে দুই দলের ফিরতি লেগের ম্যাচ। এর আগে ২০১৫ সালের নভেম্বরে গ্রুপ পর্বে আর্সেনালকে নিজেদের মাঠে একই ব্যবধানে পরাজিত করেছিল বায়ার্ন। 
 
ম্যাচের ১১তম মিনিটে আরিয়ান রোবেনের বাঁকানো শটের বল আর্সেনালের জালে জড়ালে ১-০ গোলের লিড পায় স্বাগতিক বায়ার্ন। তবে ৩০ তম মিনিটে গোল করে আর্সেনালকে সমতায় ফিরিয়ে আনেন অ্যালেক্সিস সানচেজ (১-১)। ম্যাচে যে স্বাগতিকরা এত বড় ব্যবধানে জয় পাবে সেটি ভাবতেও পারেননি রোবেন। ডাচ এই উইংগার বলেন, আসলে আমাদের সবগুলো বিভাগ কার্যকরী ছিল। আমরা খুবই ভাল খেলেছি। তারপরও এই জয়টি আমাকে বিস্মিত করেছে। তবে আমি জানি এই দলটির চরিত্রই হচ্ছে এমন। সুযোগ পেলেই তারা আগ্রাসী হয়ে ওঠে।’
 
ম্যাচের ৫৩তম মিনিটে রবার্ট লিওনোডস্কি ফের গোল করে এগিয়ে দেন স্বাগতিক দলকে (২-১)। এরপরই পরপর দুই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন থিয়াগো। ৫৬তম মিনিটে নিজের প্রথম গোলটি করার ৭ মিনিট পর তিনি ফের গোল করলে ৪-১ গোলের ব্যবধানে পৌঁছে যায় বায়ার্ন। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে মুলার গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
 
ইত্তেফাক/সাব্বির