আসছে ‘নাম শাবানা’: ট্রেলারে বাজিমাত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯
 
ভারতীয় নির্মাতা নীরজ পাণ্ডের সিনেমা মানে বাড়তি চমক। চমকই তাঁর সিনেমার প্রধান বৈশিষ্ট্য। কখনও পরিচালক হিসাবে, আবার কখনও প্রযোজক হিসাবে নীরজ চমক দিয়েই অভ্যস্ত।
 
সবশেষ ‘ধোনি’র আত্মজীবনী নিয়ে কাজ করে বলিউডকে নতুন কিছু উপহার দিয়েছিলেন তিনি। তাঁর প্রযোজিত নতুন সিনেমা ‘নাম শাবানা’ নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে। প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। 
 
তাপসী পান্নু এই ছবিতে শাবানা খান। শাবানা নামের এক ‘র’ এজেন্টের বাস্তব জীবন কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ছবি। শিবম নায়ার এই ছবির পরিচালনা করছেন। ‘বেবি’ তে যে ২০ মিনিটের চরিত্রে তাপসী বাজিমাত করেছিলেন সেই চরিত্রের ভিত্তিতেই গড়ে উঠেছে শাবানা চরিত্রটি।
 
অক্ষয় কুমার এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মনোজ বাজপায়ী এখানে তাপসীকে ‘র’ এজেন্ট করে তোলার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়াও ছবিতে রয়েছেন অনুপম খের ও ড্যানি ডেনজংপা। ‘বেবি’র প্রায় সবাই আবার ‌ফিরছেন ‘নাম শাবানা’ নিয়ে।
ইত্তেফাক/আনিসুর