শেষ হলো জাতিসংঘের দু’দিনব্যাপী আইপিইউ পার্লামেন্টারি শুনানি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২২
‘নীল পৃথিবী : এজেন্ডা ২০৩০’ এর প্রেক্ষিতে মানবকল্যাণ নিশ্চিতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা বিষয়ক জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে শুরু হওয়া দু’দিনব্যাপী আইপিইউ পার্লামেন্টারি শুনানির আজ ছিল শেষ দিন। 
  
আজকের শুনানিতে সমুদ্র ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় বাংলাদেশ ডেলিগেশন প্রধান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি জাতিসংঘ সমুদ্র আইনসহ সমুদ্র বিষয়ক বিদ্যমান অন্যান্য আইনের বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন। এ সকল আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা উল্লেখ করে তিনি এই ঘাটতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রাখেন। 
 
এছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আলোচনায় বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে সাইমুম সারোয়ার কমল এমপি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরকারী প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশই প্রথম দেশ যারা নিজস্ব তহবিল থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে।’
 
এমপি সাইমুম সারোয়ার কমল আরও বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধিজনিত কারণে ক্ষতিগ্রস্থ মানুষের সম্ভাব্য অভিগমন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে উদ্বিগ্ন। এ সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় কি হতে পারে তা তিনি বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে জানতে চান। 
 
এসময় আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসনসহ আইপিইউ’র মহাসচিব মার্টিন চুনগং উপস্থিত ‍ছিলেন।
 
উল্লেখ্য, বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিও’র প্রতিনিধিগণ এই পার্লামেন্টারি হেয়ারিং এ যোগ দিয়েছেন। 
 
ইত্তেফাক/সেতু