চট্টগ্রাম পৌঁছেছে বিদেশি দলগুলো

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০২
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল খেলতে আবাহনী ও মোহামেডানসহ অন্য বিদেশি দলগুলো চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার রাতে নেপালের মালাং মার্সিয়াংদি ক্লাব আর গতকাল সকালে কিরগিজস্তানের এফসি আলগা, দুপুরে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব যথাক্রমে ৩০ ও ৩১ জনের বহর নিয়ে হোটেলে প্রবেশ করে। সন্ধ্যায় আফগানিস্তানের শাহীন আসমায়ে এফসি এবং রাত ৯টায় দক্ষিণ কোরিয়ার পচেয়ন সিটিজেন ফুটবল ক্লাব যথাক্রমে ২৭ ও ২৯ জনের সদস্য নিয়ে আসে চট্টগ্রামে। ঢাকার দল আবাহনী ও মোহামেডান আজ সকালে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছবে।
 
আন্তর্জাতিক মানের একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রামে। অথচ সাড়া জাগেনি এখনো। তবে আয়োজকদের পক্ষ হতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ শুক্রবার সকাল হতে চট্টগ্রাম নগরীতে জমাট প্রচারণা শুরু হবে। নগর সৌন্দর্যের জন্য কোনো বিলবোর্ড, পোস্টার অথবা ব্যানার টাঙানো যায়নি সত্যি; কিন্তু হেলিকপ্টার যোগে সমগ্র শহরে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
আজ থেকে ফাইনাল খেলা খেলার আগ পর্যন্ত চলবে। 
 
নগরীর বিভিন্ন পয়েন্টে মাইকিংয়েরও ব্যবস্থা থাকবে। টিকিট মূল্য গ্যালারি ৫০ টাকা। সেমিফাইনাল ১০০ এবং ফাইনাল খেলার টিকিটের দাম রাখা হয়েছে গ্যালারি ৩০০ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাচ্ছে ট্রফিসহ ৩০ হাজার ডলার আর রানার্স আপ দলকে দেওয়া হবে ১০ হাজার ডলার। সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সুশৃঙ্খল দলকেও দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। উদ্বোধনী দিনের প্রথম খেলায় কিরগিজস্তানের এফসি আলগার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার পচেয়ন সিটিজেন ক্লাব আর দ্বিতীয় খেলায় আবাহনীর বিপক্ষে নামবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। 
 
 
টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্মকর্তা শাকিল মাহমুদ চৌধুরীর সঞ্চালনে আয়োজক সংস্থার কো-চেয়ারম্যান এমএ লতিফ এমপি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সামশুল হক চৌধুরী এমপি, প্রধান সমন্বয়কারী ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সমন্বয়কারী সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/মাহাদী