রাজধানীর খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ২০ মিনিটের 'বন্দুকযুদ্ধে' এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধের নাম খোরশেদ আলম ওরফে সোহেল ওরফে খোরশেদ (৩০)। তিনি থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় খোরশেদের বাসায় ডিবি পুলিশ এক অভিযান চালায়। এসময় তার সঙ্গে পুলিশের প্রায় ২০ মিনিটের গোলাগুলি চলে। এক পর্যায় খোরশেদ গুলিবিদ্ধ হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, খোরশেদ খিলগাঁও থানার এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০১৪ সালে র্যাবের সঙ্গে একবার খোরশেদের গোলাগুলির ঘটনা ঘটেছিল।
খোরশেদের বিরুদ্ধে রামপুরা ও খিলগাঁও থানায় হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগসহ ১০-১৫টি মামলা রয়েছে। সে এতই দুর্ধর্ষ সন্ত্রাসী যে, একই সময়ে দুই হাত দিয়ে আগ্নেয়াস্ত্র চালাতে পারে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে ডিবি পূর্ব বিভাগের একটি টিম খোরশেদের বাসা ঘিরে ফেললে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ইত্তেফাক/জামান
