চট্টগ্রামে পর্দা ‍উঠছে শেখ কামাল ক্লাব কাপের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৪
বন্দর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আজ পর্দা উঠছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। ছয় দেশের আটটি দল আজ থেকে আগামী ২ মার্চ পর্যন্ত এই মহারণে লড়বে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বর্ণিল সাজে সেজেছে এম এ আজিজ স্টেডিয়াম ও আশপাশের এলাকা।
 
টুর্নামেন্টের বাংলাদেশি তিনটি ক্লাব হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী এবং ঢাকা মোহামেডান। এ ছাড়া বিদেশি ক্লাবগুলো হচ্ছে নেপালের মানাং মারসয়াংদি, আফগানিস্তানের সাহেন আসমাঈয়ি এফসি, কাজাখস্তানের এফসি অলগা, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও কোরিয়ার পসিয়ন সিটিজেন ফুটবল ক্লাব। আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন ইত্তেফাককে জানিয়েছেন, ইতিমধ্যে টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খেলোয়াড়রা মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছে। সেই সাথে দর্শকরাও ব্যাপক আগ্রহ নিয়ে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আছে। সবকিছু ঠিক থাকলে শনিবার থেকে এম এ আজিজ স্টেডিয়াম ফুটবল উন্মাদনায় ভাসবে।
 
আয়োজক কমিটি জানিয়েছে, গতকাল শুক্রবার ও তার আগের দিন দেশের ও বিদেশের সবগুলো ক্লাব চট্টগ্রামে পৌঁছে গেছে। দলগুলো খেলোয়াড়দের নিয়ে চট্টগ্রামের বিভিন্ন মাঠে প্র্যাকটিসেও অংশ নিয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় কিরগিজস্তানের এফসি আলগার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার পচেয়ন সিটিজেন ক্লাব আর দ্বিতীয় খেলায় ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে নামবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।
 
প্রসঙ্গত, সাইফ পাওয়ার টেকের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩০ হাজার ডলার আর রানার্স আপ দলকে ১০ হাজার ডলার প্রাইজমানি দেয়া হবে। একইসাথে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সুশৃঙ্খল দলকেও দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। আগামী ২ মার্চের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গ্যালারির দর্শকদের জন্য টিকিটের দাম ৫০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেমিফাইনালে গ্যালারির টিকিট ১০০ টাকা ও প্যাভিলিয়নের ২০০ টাকা। ফাইনালে টিকিটের দাম গ্যালারির দর্শকদের জন্য ৩০০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ৫০০ টাকা।
 
ফিকশ্চার
 
এ গ্রুপ
 
আবাহনী, এফসি আলগা (কিরগিজস্তান), পোয়েচন সিটিজেন ফুটবল ক্লাব (দঃ কোরিয়া), টিসি স্পোর্টস ক্লাব (মালদ্বীপ)
 
বি গ্রুপ
 
চট্টগ্রাম আবাহনী, মানাং মারসিয়াংদি (নেপাল), মোহামেডান, শাহীন আসমায়ে ক্লাব (আফগানিস্তান)।
 
১৮ ফেব্রুয়ারি      :     আবাহনী : টিসি স্পোর্টস ক্লাব
 
                               এফসি আলগা : পোয়েচন সিটিজেন
 
১৯ ফেব্রুয়ারি       :     চট্টগ্রাম আবাহনী : শাহীন আসমায়ে
 
                               মানাং মারসিয়াংদি : মোহামেডান
 
২০ ফেব্রুয়ারি      :     পোয়েচন সিটিজেন : আবাহনী
 
                               টিসি স্পোর্টস : এফসি আলগা
 
২২ ফেব্রুয়ারি       :     মোহামেডান : চট্টগ্রাম আবাহনী
 
                               শাহীন আসমায়ে : মানাং মারসিয়াংদি
 
২৩ ফেব্রুয়ারি      :     আবাহনী: এফসি আলগা
 
                               পোয়েচন সিটিজেন : টিসি স্পোর্টস
 
২৪ ফেব্রুয়ারি       :     চট্টগ্রাম আবাহনী : মানাং মারসিয়াংদি
 
                               মোহামেডান : শাহীন আসমায়ে
 
২৬ ফেব্রুয়ারি      :     প্রথম সেমিফাইনাল
 
২৭ ফেব্রুয়ারী      :     দ্বিতীয় সেমিফাইনাল
 
২ মার্চ              :     ফাইনাল
 
এমএ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি ম্যাচ, ৪টা ও ৭টা। সেমিফাইনাল ও ফাইনাল ৬টা ৩০।
 
ইত্তেফাক/মাহাদী