বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে ইরফান খান অভিনীত চলচ্চিত্র 'ডুব' আটকে গেলেও তা ভারত ও বিশ্বের অন্যান্য দেশে ঠিকই মুক্তি পাবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে দেয়া এক কমেন্টে তিনি বলেন, ভারত ও বিশ্বের অন্যান্য দেশে এটি মুক্তি পাবে। এ ছাড়াও বাংলাদেশেও নিশ্চিতভাবেই চলচ্চিত্রটি মুক্তি পাবে। আমরা হাল ছেড়ে দিচ্ছি না। কখনই না।
মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে বলেন, (কিছুটা পরিবর্তিত রূপে) বোঝার চেষ্টা করতেছিলাম, ছবিটা তো সেন্সর বোর্ডে নিয়াও আটকাতে পারত। প্রিভিউ কমিটিতে দেখার পর আগের দিন এনওসি দিয়ে তড়িঘড়ি করে পরদিনই সাসপেন্ড করতে হল কেন? আমার ধারণা এটার পেছনে চিকন বুদ্ধির কেউ আছে। তার বা তাদের হিসাবটা সম্ভবত ছিল এইরকম: সেন্সর বোর্ডে আটকে দিলে অফিসিয়ালি ব্যান করতে হবে। খামখা বদনামের মধ্যে ঢুকতে হবে। তার চেয়ে অনির্দিষ্ট কালের জন্য এনওসি সাসপেন্ড করে রাখলেই তো হয়। প্রথম কয়টা দিন পার করে দিতে পারলে মোটামুটি অনন্ত কাল টেনে নেয়া যাবে। ব্যান না করেই ব্যান করা গেলো।
তিনি সেখানে আরো বলেন, এ ছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না। নাহলে যে ছবি আগের দিন পাস করলো, পরের দিন পৃথিবীতে কি এমন পরিবর্তন ঘটলো যে ইস্যু করা চিঠি বাতিল করতে হল? কারণ এই একদিনে ছবিতে তো আমি কোনো পরিবর্তন আনি নাই।
ইত্তেফাক/রাফাত
