তারকা ফরোয়ার্ড দিয়েগো কস্তাকে নিয়ে আশাবাদী চেলসি কোচ এন্টোনিও কন্টে মনে করেন ব্লুজদের হয়েই চুক্তি শেষ করবেন এই স্প্যানিয়ার্ড।
যদিও কস্তার ভবিষ্যত নিয়ে বেশ কিছুদিন ধরে নানা গুজব শোনা যাচ্ছে। তারপরেও কার্যত মৌসুম শেষ হবার আগ পর্যন্ত কস্তাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছে না চেলসি।
১৫ গোল করে এবারের প্রিমিয়ার লীগ মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক হিসেবে নিজেকে ধরে রেখেছেন কস্তা। কিন্তু গত মাসে হঠাৎ করে লোভনীয় চাইনিজ সুপার লীগে তার যাওয়া নিয়ে গুজব শোনা যায়। যদিও পুরো বিষয়টির কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এখনো কস্তার সাথে দুই বছরের চুক্তি বাকি আছে ব্লুজদের। ধারণা করা হচ্ছে চুক্তির মেয়াদ হয়ত আরো বাড়তে পারে। যদিও চেলসি ম্যানেজার কন্টে জানিয়েছেন চুক্তি বিষয়ে কোন ধরনের আলোচনার খবর তিনি জানেন না। তার বিশ্বাস বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলেও সব কিছু সমাধান করা সম্ভব। এ সম্পর্কে কন্টে বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে জানি না। তবে আমি মনে করি এই মুহূর্তে এসব নিয়ে গুরুত্ব দেওয়াটা জরুরী।
২৫ ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি ম্যানচেস্টার সিটির থেকে আট পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। কন্টে বলেন, সাধারণত আমি জিততে পছন্দ করি এবং দলের জন্যই প্রতিবার প্রতিটি প্রতিযোগিতায় জিততে চাই। আমাদের মধ্যে জয়ের এই মানসিকতা ধরে রাখতে হবে।
ইত্তেফাক/রেজা
