শ্রীলংকার লক্ষ্য সিরিজ জয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০
টানা দ্বিতীয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারী শ্রীলংকা। তিন টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে লংকানরা। পক্ষান্তরে এ ম্যাচ জিতে সিরিজে ফিরতে চায় স্বাগতিকরা। 
 
সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিটে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে সাইমন্ডস স্টেডিয়ামের।
 
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ও ওয়ানডেতে নাস্তানাবুদ হলেও, তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে শ্রীলংকা। সেই আত্মবিশ্বাসে টগবগে হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটেও দুর্দান্ত সূচনা করে লংকানরা। স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের টার্গেট ইনিংসের শেষ বলে গিয়ে টপকে গেছে শ্রীলংকা। 
 
অ্যাশলে গুনারাত্নের ৩৭ বলে ৫২, দিলশান মুনাবিরার ২৯ বলে ৪৪ রানের উপর ভর করে জয়ের খুব কাছে পৌঁছে যায় শ্রীলংকা। শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন চামারি কাপুগেদেরা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় টি-২০তে ভালো পারফরমেন্স করার অঙ্গীকার করলেন কাপুগেদেরা, ‘প্রথম ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। দুর্দান্ত লড়াইয়ের পর এমন জয় পরের ম্যাচে ভালো খেলতে আমাদের উৎসাহি করবে । দ্বিতীয় ম্যাচেও ভালো খেলতেই আমরা মাঠে নামবো। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই।’
 
ব্যাটিং ভালো হলেও, বোলাররা ভালো করতে পারেনি তাই সিরিজের প্রথম ম্যাচ হারতে হয় অস্ট্রেলিয়াকে। তবে প্রথম ম্যাচে অসিদের টপ-অর্ডারের কোন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো বলে মনে করেন অসি ওপেনার মাইকেল ক্লিগনার, ‘টপ অর্ডারে কোন ব্যাটসম্যান ৬০-৭০ রান করলে দলের স্কোর সংগ্রহ বেশি হয়। ঐ ম্যাচে আমরা শুরুটা ভালো করলেও, বড় ইনিংস খেলতে পারিনি। বড় সংগ্রহ হলে শ্রীলংকা চাপে পড়ে যেতো। কিন্তু তারা পরিকল্পনানুযায়ী এগিয়েছে। তবে নতুন ভেন্যুতে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে নামবো। সিরিজে সমতাই প্রধান লক্ষ্য আমাদের।’ 
 
অস্ট্রেলিয়া স্কোয়াড (সম্ভাব্য) : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, বেন ডাঙ্ক, জেমস ফকনার, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, মাইকেল ক্লিগনার, টিম পেইন (উইকেটরক্ষক), জেই রিচার্ডসন, বিলি স্তানলেক, অ্যাস্টন টার্নার, এন্ড্রু তেই ও এডাম জাম্পা।
 
শ্রীলংকা স্কোয়াড (সম্ভাব্য) : উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, অ্যাশলে গুনারাতেœ, দিলশান মুনাবিরা, কুশাল মেন্ডিস, মিলান্ডা সিরিবর্দেনে, সচিত্র পাথিরানা, চামিরা কাপুগেদেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরা উদানা, দাসুন চানাকা, লক্ষ্মণ সানদাকান, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।
 
ইত্তেফাক/রেজা